বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৩:৩৮

লক্ষ্মীপুরে ডাকাতিয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার রায়পুরে পৌরসভার দেনায়েতপুর গ্রামের ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে মো. মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। 

মমিন রায়পুর পৌরসভার বয়াতি বাড়ির অটোচালক মো. দিদার হোসেন মনার ছেলে। 

শিশুটির বাবা মনা বলেন, দুপুরে বাড়ির পাশে খাল পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মমিন। খেলার একপর্যায়ে মমিন খালের পানিতে পড়ে তলিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পা পিছলে খালের পানিতে পড়ে ডুবে যায় মমিন।

খোঁজাখুঁজির সময় খালের পানিতে জুতা ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা তার পরিবারকে খবর দেয়। পরে বাড়ির লোকজন এসে শিশু মমিনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইঁয়া বাসসকে বলেন, ঘটনাটি জানি না। খোঁজখবর নেওয়া হবে।