বাসস
  ২৬ আগস্ট ২০২৬, ২০:০১

গাইবান্ধায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু 

গাইবান্ধা, ২৬ আগস্ট ২০২৬ (বাসস) : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

মৃত আসিফ মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধুর সাথে করতোয়া নদীতে গোসল করতে নামেন আসিফ মিয়া। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা প্রায় একঘণ্টা যাবৎ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুইঘন্টা পরে নদী থেকে আসিফ মিয়ার মরদেহ উদ্ধার  করে।

গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে নদী থেকে উদ্ধারকৃত মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করছেন।