শিরোনাম

সাতক্ষীরা, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আবুল হাশেম সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও কর্মে রয়েছে মানবতা, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতির অনন্য শিক্ষা। তিনি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। বক্তারা নতুন প্রজন্মের কাছে মহানবী (সা.)-এর আদর্শ ও চরিত্র তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।