বাসস
  ২৬ আগস্ট ২০২৬, ১৯:৪০

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়া, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার কাহালুতে ট্রাকচাপায় রিফাত (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

আজ বুধবার বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের শিলকওঁর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাশের দুপচাঁচিয়া উপজেলায় একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বাসসকে বলেন, রিফাত মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। বিকেলে বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী মালবোঝাই একটি ট্রাক তাকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।