শিরোনাম

জয়পুরহাট, ২৫ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করতে বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) উদ্যোগে হাঁস-মুরগি পালনের ওপর চার সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি বিজিবি’র বিশেষ ক্যাম্পে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
এ সময় বিজিবি’র জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে, ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত পাঁচবিবি উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক এ প্রশিক্ষণে অংশ নেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে তাদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেয়া হয়।