শিরোনাম

শেরপুর, ২৫ আগস্ট ২০২৬ (বাসস) : ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।
এদিন স্কুল ও কলেজ প্রাঙ্গনে ২০টি গাছের চারা রোপণ সহ শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ, ঔষধি সহ আড়াই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চারা বিতরণের আগে রোপণ, পরিচর্যা ও গাছের সঠিক যত্ন নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. সেকান্দর আলী, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাসমত আলী, শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক হাকিম বাবুল, উপদেষ্টা শহীদুজ্জামান শহীদ, কেয়া নকরেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় জেলায় এবার ২৬ হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।