বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ২০:৫৭

লালমনিরহাটে হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযান, ৬ যানবাহনকে জরিমানা

ছবি : বাসস

লালমনিরহাট, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপাদনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা  প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আনসার ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অতিরিক্ত শব্দ উৎপাদনের দায়ে ছয়টি যানবাহনের বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। একই সঙ্গে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়  ১০টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়।

অভিযানে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী, মো. আল-আমিন ও মো. মামুনুর রশীদ।  

প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিজন কুমার রায় বাসসকে বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্র্নের ব্যবহার শব্দদূষণের অন্যতম কারণ। শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।