বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৮:৫৬
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৯:৩২

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ভুয়া আইডি, যুবক গ্রেফতার

কাকন রানা (৩৫)। ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তাঁর দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম রাজধানীর ক্ষিলখেতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম কাকন রানা (৩৫)।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

পুলিশের বরাত দিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলে ওই যুবক।

এসব ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করছিল সে।

এছাড়া আরও অনেকের নামে একাধিক আইডি ও পেজ তৈরির কথাও জানিয়েছে পুলিশ।

কাকন রানার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে রোববার বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় কাকন রানার কাছ থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।