বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৮:০২

গাইবান্ধায় সার মজুত রাখায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধা, ২৪ অগাস্ট, ২০২৬ (বাসস) : জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার দায়ে ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে এক খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের মীরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। 

এ সময় কুঞ্জ ট্রেডার্সে নিয়মবহির্ভূতভাবে সার মজুতের সত্যতা পাওয়া যায়। পরে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নিয়ন্ত্রণ আদেশ’ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক কৃষ্ণ চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বিষয়টি নিশ্চিত করে বাসসকে বলেন, অবৈধ সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।