শিরোনাম

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৪ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিষয়গুলোর পাশাপাশি রোহিঙ্গা ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো জানতে চান সারাহ কুক।
বৈঠকে রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।
বার্তায় আরও বলা হয়, আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ক পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বহুপাক্ষিক বিষয়ের পাশাপাশি মানবিক ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে ঢাকা ও লন্ডনের অব্যাহত যোগাযোগের প্রতিফলন ঘটেছে এ বৈঠকে।