বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ২০:৩২

চট্টগ্রামে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

চট্টগ্রাম, ২৩ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. মহিউদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তার কাছ থেকে জাল টাকা ও একটি টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়েছে।

আজ (রোববার) বিকেলে পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার মহিউদ্দিন চট্টগ্রাম জেলার ভূজপুর থানার নারায়নহাট ইউনিয়নের ঘড়াভাঙ্গা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাঁচলাইশ থানাধীন আফমী প্লাজার সামনে অভিযান চালায় সিএমপি ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের একটি টিম। সেখান থেকে ৪০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরদিন ১৪ আগস্ট তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা করা হয়।

পরে আসামি মহিউদ্দিনকে আদালতের অনুমতিতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে তিনি বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর তৈয়্যবীয়া হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় জাল টাকা তৈরির সরঞ্জাম রাখার কথা স্বীকার করেন।

আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট মধ্যরাতে ওই বাসা থেকে একটি জাল টাকা তৈরির মেশিন, ১৮ হাজার ৩০০ টাকার জাল নোটসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

সিএমপি ডিবি জানায়, আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।