বাসস
  ২৩ আগস্ট ২০২৬, ২০:২৮

কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালান কারবারি আটক

ঢাকা, ২৩ আগস্ট ২০২৬ (বাসস) : শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালান কারবারিকে কক্সবাজার থেকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে একটি স্বর্ণের চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করাবে- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বিসিজি স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ১টি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে, তা না মেনে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১টি ব্যাগে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, সৌদি ১০ রিয়াল ও সৌদি আরবের ৩টি এটিএম কার্ড জব্দ করা হয়।

শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয় বলে আটককৃত চোরাচালান কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আগেও একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে তারা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।