শিরোনাম

সাতক্ষীরা, ২৩ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন বাঁশকল চেকপোস্ট নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনকেরেক্স সিরাপ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কামারবাড়ি বাঁশবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিকদল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য একলাখ ১৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।