বাসস
  ২০ আগস্ট ২০২৬, ২০:১১

রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, বাংলাদেশে একসময় শ্রেষ্ঠতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, ‘মডেল স্কুলের যে ঐতিহ্য ছিল, এটা বাংলাদেশে শ্রেষ্ঠতম স্কুল ছিল। আমাদের একটাই আশা, আবার সেই আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আমি এই স্কুল নিয়ে গর্ব করি। এই স্কুল আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজকে আমি এই দেশের যে পর্যায়েই আছি, এর অনেকটুকু অবদান এই স্কুলের। বিশেষ করে সেই স্যারদের কথা মনে পড়ে, যাদের কাছে অনেক মারও খেয়েছি। ওই মারের কারণেই বোধ হয় আজকে এই জায়গায় আসতে পেরেছি।

তিনি বলেন, আমাদের সময় অনেক বেশি শৃঙ্খলা ছিল। বেশিরভাগ শিক্ষার্থী হোস্টেলে থাকত এবং বাইরে থাকার সুযোগ খুব সীমিত ছিল। ক্যাডেট কলেজের মতো শৃঙ্খলা, খেলাধুলা, স্কাউটিংসহ নানা বৈশিষ্ট্য মডেল স্কুলের মধ্যে ছিল। খুব কম স্কুলেই এত ফ্যাসিলিটি আছে। এর সুন্দর অডিটোরিয়াম খুব কম স্কুলেই বোধহয় আছে।

জাকারিয়া তাহের বলেন, বর্তমানে অনেক ভালো ভালো স্কুল গড়ে উঠেছে। তারপরও মডেল স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনা প্রয়োজন। খেলাধুলা, স্কাউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে স্কুলটির যে অনন্য বৈশিষ্ট্য ছিল, তা পুনরুদ্ধার করতে হবে।

স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, সম্প্রতি স্কুলের শিক্ষার্থী অর্ক আমেরিকায় গিয়ে রোবটিক্সে কাজ করেছে। প্রধানমন্ত্রী তার কার্যক্রম দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং তাকে দীর্ঘ সময় দিয়েছেন। আগামীতে এরকম যেকোনো প্রচেষ্টায় আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।

ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। এ সময় ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার এসোসিয়েশন সদস্যবৃন্দ ও সাবেক কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।