শিরোনাম

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি বৃদ্ধি করা হয়েছে।
বোর্ডের আওতাধীন ২০২৪ শিক্ষাবর্ষের (বর্তমানে ৮ম শ্রেণি), ২০২৫ শিক্ষাবর্ষের (বর্তমানে ৭ম শ্রেণি) এবং ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য এই বর্ধিত সময়সূচি প্রযোজ্য হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২৩ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে অনলাইনে ডাটা এন্ট্রি এবং ফি পরিশোধ সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন কার্ড ও চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করা যাবে ২৭ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে।
এতে আরো বলা হয়, যেকোনো অনুমোদিত স্কুল বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। নির্ধারিত তারিখ অনুযায়ী শিক্ষার্থীর বয়স ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ৪০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকাসহ মোট ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এককালীন পরিশোধ করতে হবে।
শিক্ষার্থীদের তথ্য সঠিকভাবে আপলোডের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ৩ সদস্যবিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানে রক্ষিত ভর্তি ফরম ও জন্ম সনদের তথ্য যাচাই শেষে নিশ্চিত হয়ে ফাইনাল সাবমিট করতে হবে।