বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২০:২৭

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি সচেতন নাগরিকদের সংগ্রহে রাখার মতো দলিল : তথ্যমন্ত্রী

ছবি : বাসস

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইটি কেবল একটি সুখপাঠ্য সাহিত্য বা স্মৃতিকথা নয়; বরং এটি রাজনৈতিক কর্মী, সমাজকর্মী এবং সচেতন নাগরিকদের জন্য সংগ্রহে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, ‘বইটিতে যেমন সাধারণ পাঠক ইতিহাস চিনে হালকা আনন্দের খোরাক পাবেন, তেমনি গভীর ও অনুসন্ধানী পাঠকরাও জ্ঞান লাভ করবেন। রাজনৈতিক সংস্কৃতির আঁকাবাঁকা জটিল পথ অতিক্রম, ক্ষমতার সঙ্গে রাজনীতির সম্পর্ক এবং মানুষের বিচিত্র প্রবৃত্তির রূপান্তর বইটিতে অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সূচিপত্র প্রকাশনী আয়োজিত লেখক মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লেখককে নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশ, সমাজ ও রাজনীতি নিয়ে আমাদের ভাবনাগুলো অনেক কাছাকাছি। স্বাধীনতার পর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক অঙ্গনের বহু ঘটনা, চরিত্র ও পরিস্থিতি এখানে উঠে এসেছে। মহাভারতের মতো মহাকাব্যে যেভাবে চরিত্রগুলোর মাধ্যমে মানব প্রবৃত্তিকে ফুটিয়ে তোলা হয়, লেখক অসচেতন বা সচেতনভাবেই হোকÑএই বইয়ের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে মানুষের সেই সুকুমার কিংবা বিপরীতমুখী প্রবৃত্তিগুলোকে সামনে এনেছেন।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে মারুফ কামাল খানের দায়িত্ব পালনকালের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, সেই সময়ে তাদের অফিস কক্ষটি ছিল একটি নির্ভরযোগ্য আড্ডার জায়গা। স্মৃতির ভাণ্ডার থেকেই লেখক একে একে রাজনীতির সদরে ও অন্দরের সত্য ঘটনাগুলোকে নিয়ে এই ইতিহাসনির্ভর বইটি সাজিয়েছেন।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

গ্রন্থকারের বক্তব্যে ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান বইটির রচনা ও পটভূমি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচিপত্র প্রকাশনীর প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।