শিরোনাম

ঢাকা দক্ষিণ, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ২০১৪ সালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাত বছরের এক কন্যা শিশুকে অপহরণের দায়ে আসামি মো. ইমাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (৪) বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. এরশাদ আলম (জর্জ) বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত ইমাম হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের চর মীরবাগ এলাকার বাসিন্দা।
আদালত ও মামলাত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ অক্টোবর সকালে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় নিজ বাসার সামনে খেলছিল সাত বছরের এক শিশু। এ সময় আসামি ইমাম হোসেন তাকে নদীর পাড়ে মেলা দেখানোর লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যান।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা গেলেও আসামি পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনার ওই দিনই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
পরে ওই বছরের শেষ দিকেই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি শুরুতে পলাতক থাকলেও পরে গ্রেফতার হন। এ মামলার বিচারকালে ৪ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করেন আদালত।