বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২০:০৫

রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান

ছবি : বাসস

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের রাজনীতিতে যাদের অসামান্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান তার লেখনীর মাধ্যমে তাদেরকে আবারও জনগণের সামনে উন্মোচিত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কেবল ইতিহাসের দলিল নয়, এটি পাঠকদের রাজনৈতিক চেতনাকে শানিত করবে। কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাসের অংশ হিসেবে টিকে থাকবে।’

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সূচিপত্র প্রকাশনী আয়োজিত লেখক মারুফ কামাল খানের ‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মারুফ কামাল খানের অনুসন্ধিৎসু সাংবাদিকতা ও রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করে নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জেনারেল আতাউল গনি ওসমানীসহ দেশের রাজনীতির বহু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে বইটিতে বস্তুনিষ্ঠভাবে আলোকপাত করা হয়েছে। একজন অনুসন্ধানী সাংবাদিকের লেখনীর সংমিশ্রণে বইটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

লেখককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মারুফ কামাল খানের জমা রাখা স্মৃতি ও রাজনৈতিক জ্ঞানের ভাণ্ডার থেকে ভবিষ্যতে পাঠক আরও অনেক মূল্যবান গ্রন্থ উপহার পাবে।

প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

গ্রন্থকারের বক্তব্যে ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান বইটির রচনা ও পটভূমি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচিপত্র প্রকাশনীর প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী।

অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।