শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬(বাসস) : বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ভারতীয় কোম্পানিগুলো এ দেশে তাদের বিনিয়োগ আরও সম্প্রসারণে আগ্রহী বলে জানিয়েছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।
আজ রাজধানীর ফেডারেশন ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক ভারতীয় কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং তারা তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে আগ্রহী।
ব্যবসায়িক যোগাযোগ জোরদার এবং নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের লক্ষ্যে ১৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে গতকাল তিন দিনের সফরে বাংলাদেশে আসেন চন্দ্রজিৎ ব্যানার্জি।
তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ গড়ে তোলা এবং পারস্পরিক বিনিয়োগ সম্প্রসারণের নতুন ক্ষেত্র চিহ্নিত করা।
ভারতীয় প্রতিনিধিদলে অবকাঠামো, বিশেষ করে মেট্রোরেল, স্বাস্থ্যসেবা, প্রকৌশল ও ভোক্তাপণ্য খাতের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বাংলাদেশের শিল্প ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে দুটি ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন চন্দ্রজিৎ ব্যানার্জি।
এর মধ্যে একটি টাস্কফোর্স নতুন ও উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করবে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠান প্রযুক্তিগত উন্নয়নে যৌথভাবে কাজ করতে পারবে, যা শিল্প ও ভোক্তা উভয়ের জন্য সুফল বয়ে আনবে।
অন্য টাস্কফোর্সটি অবকাঠামো খাত নিয়ে কাজ করবে। তিনি বলেন, সফরকারী প্রতিনিধিদলে অবকাঠামো খাতের কোম্পানিগুলোর উল্লেখযোগ্য উপস্থিতির কারণে এ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের গতি ধরে রাখতে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ব্যবসায়িক মতবিনিময় সভা আয়োজন এবং ভবিষ্যতে খাতভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরেরও প্রস্তাব দেন তিনি।
সফরকালে ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করে। এসব বৈঠকে বাণিজ্য-সংশ্লিষ্ট সরবরাহ ব্যবস্থা এবং ব্যবসার জন্য আরও সহায়ক ও অনুকূল পরিবেশ তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়।
সিআইআই ও এফবিসিসিআইর দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, অল্প সময়ের প্রস্তুতিতে এই সফরের আয়োজন করা হলেও ভারতীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাড়া ছিল অত্যন্ত ইতিবাচক।
তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তাদের আগ্রহেরই প্রতিফলন। একই সঙ্গে এটি নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের ক্ষেত্রেও তাদের আগ্রহকে তুলে ধরে।
চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, বাংলাদেশের শিল্প খাতের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে এই সফরের আয়োজন করা হয়েছিল, তা সফলভাবে অর্জিত হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশও একই ধরনের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল ভারতে পাঠাবে। এ ধরনের সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।