বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ১৯:৩৬

হাওরবাসীর স্বপ্ন বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন্তের সূচনা করবে : কামরুল এমপি

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৮ আগস্ট, ২০২৬, (বাসস) : সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, হাওরবাসীর জীবনমান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান সরকার হাওরাঞ্চলের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। তারই ফলশ্রুতিতে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন্তের সূচনা হলো। বর্ষাকালে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোর যোগাযোগ সহজ করার পাশাপাশি এ প্রকল্প স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

আজ মঙ্গলবার জামালগঞ্জের ঐতিহাসিক সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাওর অঞ্চলের সার্বিক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও গ্রামীণ ভৌত অবকাঠামো জোরদার করার লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ এর আওতায় জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে ও জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ফেরদৌস আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি), নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন স্তরের প্রকৌশলী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও সাধারণ হাওরবাসী উৎসবে মেতে ওঠেন। প্রকল্পটির কাজ দ্রুত শেষ হলে জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার মধ্যকার যোগাযোগে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।