শিরোনাম

বাগেরহাট, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : পরিবেশ সংরক্ষণ ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচির আওতায় বাগেরহাটের রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা।
আজ রোববার দুপুর ২ টায় উপজেলার ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির এ সব গাছের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে চারা তুলে দেন, প্রধান অতিথি বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. আজাহার হোসেন।
প্রধান অতিথি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যার অভ্যাস শৈশব থেকেই পরিবেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।
এ সময় প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের বিতরণকৃত গাছের চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ গাছের যত্ন নেওয়ার পরামর্শ দেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।