বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৮:৫৭
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৯:০৪

মীরসরাইয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। তবে গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে।

রোববার (১৬ আগস্ট) মীরসরাই থানার ইকোনমিক জোন সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ইকোনমিক জোন সড়কে বিশেষ নজরদারি ও অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি লক্ষ্য করে পুলিশ সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে মাইক্রোবাসটি ফেলে এর ভেতরে থাকা অজ্ঞাতপরিচয় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মীরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতার এবং মাদকের উৎস ও সরবরাহকারী চক্র শনাক্তে তদন্ত চলছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।