বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪০

টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ছবি : বাসস

টাঙ্গাইল, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক শরীফা হক।

পরে জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া প্রমুখ।

এ সভায় বক্তারা মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কথা তুলে ধরেন। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।