বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৯:২৯

বেগম জিয়ার জন্মদিনে লালমনিরহাটে দোয়া ও বিনামূল্যে চিকিৎসাসেবা 

ছবি : বাসস

লালমনিরহাট, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাটে দোয়া, বিনামূল্যে চিকিৎসাসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র আয়োজনে আজ শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা এবং সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে আজ জোহরের নামাজের পর লালমনিরহাট জেলা মডেল মসজিদে বেগম জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের মাঝে ৩০০টি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, জন্মদিন উপলক্ষে এ কর্মসূচিগুলোকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে দিনব্যাপী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান শাহেদ ও মোখলেছুর রহমান আকাশ বলেন, মানুষের কল্যাণ ও পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি আবু সাঈদ মাহমুদ, বাসস এর লালমনিরহাট জেলা সংবাদদাতা বিপুল ইসলাম, বাংলাদেশ বেতার রংপুরের লালমনিরহাট সংবাদদাতা জিন্নাতুল ইসলাম জিন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।