শিরোনাম

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানীতে আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় তার্কিশ এয়ারলাইন্স অ্যাক্টিভপালস ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন’। হাতিরঝিলে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৩ হাজার দৌড়বিদ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
‘রান দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শারীরিক সুস্থতা ও সক্রিয় জীবনযাপনকে উৎসাহিত করতে এবং ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বকে আরও দৃঢ় করতে টানা দ্বিতীয়বারের মতো অ্যাক্টিভপালস বাংলাদেশের এই ফ্ল্যাগশিপ ইভেন্টটি স্পন্সর করছে তুর্কি এয়ারলাইন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশে তার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে এবং অ্যাক্টিভপালস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানভীর হাসান।
ইসলাম গুরে বলেন, এই উদ্যোগটি বাংলাদেশের ক্রমবর্ধমান রানিং কমিউনিটিকে সহায়তা করার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মানুষ এবং সংস্কৃতিকে আরও কাছাকাছি নিয়ে আসার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।
এই আয়োজনটি ‘অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স অ্যান্ড ডিস্টেন্স রেসেস’ (এআইএমএস)-এর একটি নিবন্ধিত রেস। এর ২১.০৯৫ কিলোমিটারের হাফ ম্যারাথন কোর্সটি এআইএমএস দ্বারা প্রত্যয়িত এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা পরিমাপকৃত।
প্রতিযোগিতাটিতে অংশ নিতে ইতোমধ্যে ২ হাজারেরও বেশি দৌড়বিদ নিবন্ধন করেছেন। ২১.০৯৫ কিমি হাফ ম্যারাথন, ১৪.৬৪৫ কিমি চ্যালেঞ্জ রান, ৭.৩২১ কিমি এফএনএফ রান এবং ১.৫ কিমি ফান্ড রান— এই চার বিভাগে সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ প্রতিযোগী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।