বাসস
  ১৪ আগস্ট ২০২৬, ১৬:১৪

বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

যশোর, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হুসাইন ও বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো-জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

স্থানীয়রা জানায়, জুম্মার নামাজের আগে শিশু তিনটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত গভীর পুকুরে গোসল করতে নামে। বাগানের মধ্যে ওই পুকুরে নেমে তারা তলিয়ে যায়। 

খবর পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তিনটি শিশুকেই মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরটি নিহত ফাহিমাদের পরিবারের মালিকানাধীন এবং তা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল। সাধারণত সেখানে কেউ গোসল করতে যেত না।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।