শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী আজ রাতে বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘মিজানুর রহমান চৌধুরী ১৯৮১ সালের ২৯ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী হিসেবে চট্টগ্রাম গিয়েছিলেন এবং তৎকালীন প্রতিমন্ত্রী সৈয়দ মুহিবুল হাসানের সঙ্গে এক নম্বর কক্ষে সঙ্গে অবস্থান করেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর মিজানুর রহমান চৌধুরী একটি কাপড় দিয়ে তাঁর (জিয়াউর রহমান) মরদেহ যত্নসহকারে মুড়িয়ে রেখেছিলেন।’
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিজানুর রহমান চৌধুরী (৭৩) বুধবার ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে (পূর্বে ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি স্ত্রী, দুই সন্তান ও পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন। আজাদ মসজিদে জানাজা শেষে আজ তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।