শিরোনাম

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬(বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্পোরেট গ্যারান্টির বিপরীতে ঋণের আবেদন, ছুটি ব্যবস্থাপনা এবং ডি-নথি কার্যক্রমকে আরও আধুনিক, সহজ ও ডিজিটাল করার লক্ষ্যে তিনটি সফটওয়্যার ও ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সফটওয়্যার ও ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সফটওয়্যারগুলোর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, আমাদের প্রতিনিয়ত নতুনত্বের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে, বসে থাকলে হবে না। এগুলোর ব্যবহার করতে করতে আমরা পারদর্শী হয়ে যাব এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরও উন্নত হব। ব্যবহারে কোনো সমস্যা হলে শিখে নিতে পারবো। অসাধ্য বলে কোনো কিছুই নেই। মনোনিবেশ করে এসব সিস্টেম কার্যকর করতে পারবো।
তিনি বলেন, দায়িত্ব পালনে উদাসীন হওয়ার সুযোগ নেই। সিস্টেমকে আরও উন্নত করে সামনে এগিয়ে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারবে। প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. আজম খান, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।