শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১২ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ ও আক্রান্ত রোগীদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হলে করণীয়, রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করা হয়।