শিরোনাম

চুয়াডাঙ্গা, ১২ আগস্ট ২০২৬ (বাসস): জেলার দামুড়হুদা উপজেলায় আজ মূল্য তালিকা না দেওয়া, আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার মো. আব্দুল হাই সিদ্দিকের মেসার্স গাউছিয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রান্নায় আয়োডিন বিহীন লবণ ব্যবহার করায় দামুড়হুদা বাজারের মো. লিটন আলীর প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই হোটেলকে ১০ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদ উল্লেখ না থাকা, লাইসেন্স ছাড়া দই তৈরি ও নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে একই এলাকার সেলিম উদ্দীনের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জেলা সদস্য মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।