শিরোনাম

সাতক্ষীরা, ১১ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় গলদা চিংড়ির রেণুপোনা, মোটরসাইকেল, মোবাইল ফোনের যন্ত্রাংশ, নেশা জাতীয় এস্কাফ সিরাপ ও টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সরজিত মন্ডল (২৩) ও দেবাশীষ বর (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ ৮৫ হাজার নয়শ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বৈকারী, গাজীপুর, ঘোনা, কাঁকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার খলিল নগরমোড় নামক স্থান হতে দুটি পলিথিন ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি মাছের রেণুপোনা ও একটি মোটরসাইকেলসহ সরজিত ও দেবাশীষ নামের দুই চোরাকারবারিকে আটক করে।
আটককৃত সরজিত মন্ডল জেলার দেবহাটা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বিমল মন্ডলের ছেলে এবং দেবাশীষ বর একই এলাকার রাম প্রসাদ বর এর ছেলে।
এদিকে, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বেলতলা নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে এবং কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বড়ালি আমবাগান নামক স্থান হতে এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল বর্মীতলা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২৪ লাখ ৮৫ হাজার নয়শ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে এবং আটক দুই আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।