শিরোনাম

কুমিল্লা, ১১ আগস্ট, ২০২৬(বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
তিনি বলেন, মাদক শুধু একটি ব্যক্তি কিংবা পরিবারকে নয় বরং গোটা সমাজকে ধ্বংস করে দেয়। অপরাধ, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় রোধ করে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
আজ বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের এসব কথা বলেন।
জাকারিয়া তাহের বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শিগগিরই মাদকের বিরুদ্ধে সরকার কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে।
তিনি বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে কিশোর ও যুব সমাজকে মুক্ত করতে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালু করা এবং মাদকের বিস্তার রোধে আইনের সঠিক প্রয়োগ করা আমাদের সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার।
মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে আমার একটি স্পষ্ট অবস্থান রয়েছে। নির্বাচনের আগে প্রতিটি নির্বাচনী সভায় ওয়াদা করেছিলাম, আমি এমপি হই বা না হই মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকবো এবং যুদ্ধ চালিয়ে যাবো। আজকে সরকারের একজন মন্ত্রী হয়েও একই কথা বলছি। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাবে।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ও র্যালির সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ, জেলা প্রশাসক রোজী আকতার, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।