শিরোনাম

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবন মসজিদে।
আজ মঙ্গলবার বাদ জোহর জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া ও মোনাজাতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।