বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৬:৩২

হাবিপ্রবিতে বিনামূল্যে গবাদি প্রাণীর টিকা ও চিকিৎসা সেবা প্রদান

ছবি: বাসস

দিনাজপুর, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)এর বিনামূল্যে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবায় ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হাবিপ্রবি’র ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক সংবাদ বার্তায় এ তথ্য বাসসকে নিশ্চিত করেন।

সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টায় দিনাজপুর কাহারোল উপজেলার সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গবাদি পশুর এ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। 

প্রধান অতিথি বলেন, আমরা গ্রামীণ পর্যায়ের সাধারণ মানুষদের সাথে খুবই কম যোগাযোগ করার সুযোগ পাই। তাই আজকের এই গবাদি পশুর চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজন একটি মহতী উদ্যোগ নিয়েছি। গ্রামের এই প্রান্তিক পর্যায়ের কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে কৃষকদের সাথে কথা বলে, তাদের পালিত প্রাণীর সমস্যা গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। পশুর নতুন নতুন রোগ বালাই সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।

তিনি বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে আমাদের কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের অক্লান্ত শ্রমের মাধ্যমে আমরা আমিষের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি।

এতে বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। 

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. রকিবুল ইসলাম এ চিকিৎসা ক্যাম্পের সভাপতিত্ব করেন। 

চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেন, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. খালেদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. মো. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান, ভেটেরিনারি সার্জনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা চিকিৎসা সেবা ক্যাম্পিং কার্যক্রমে অংশ গ্রহণ ও চিকিৎসা সেবা প্রদান করেন।

আজ মঙ্গলবার এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের ৪০০ টি গরু, ৪০০টি ছাগল এবং ১ হাজার হাস ও মুরগীর স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সেবামূলক পরামর্শ প্রদানসহ, বিভিন্ন রোগের টিকা, রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়।