বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৬:৪৮

নেত্রকোণা টিটিসি পরিদর্শনে জেলা প্রশাসক : প্রশিক্ষণের মানোন্নয়ন ও প্রবাসীদের দিকনির্দেশনা

ছবি : বাসস

নেত্রকোণা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। 

আজ মঙ্গলবার দুপুরে তিনি এ প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক টিটিসিতে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও ৩২০ জন প্রশিক্ষণার্থীর সামগ্রিক প্রশিক্ষণ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। 

এ সময় তিনি জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্স, গ্রাফিক্স ডিজাইন, ক্যাড অপারেশন, কম্পিউটার অপারেশন, ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন অ্যান্ড মেইনটেনেন্স এবং টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিংসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন।

এছাড়াও বিদেশে গমনেচ্ছু ১০০ জন কর্মীর জন্য আয়োজিত প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সম্ভাব্য নানা চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে তিনি তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। একইসঙ্গে প্রবাসে অবস্থানকালে যেকোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা মিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী এবং টিটিসির ইন্সট্রাক্টর সাইদুর রহমান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক টিটিসির প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, প্রশিক্ষণার্থীদের জন্য আরও কার্যকর ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও দিকনির্দেশনা প্রদান করেন।