বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১৭:০০

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তির মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রাম, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার রাজারহাট উপজেলায় আজ নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল মিয়া (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া জেলার রাজারহাট উপজেলার হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মো. রুবেল মিয়া সহ হরিদশ্বর তালুক গ্রামের একদল জেলে বুড়িদাহ নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীর পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে লাইনের তার পানিতে পড়ে থাকায় তারা সংযোগের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। 
 
এ ঘটনায় আহতরা হলেন মোজাম্মেল হক, আব্দুর রহমান, আমিনুল ইসলাম, শাকিল মিয়াও আনিছুর মিয়া। আহতদের উদ্ধার করে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।