বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১৫:১৮

যশোর বোর্ডে এসএসসি’তে পাসের হার ৬৬.২৭ শতাংশ

ছবি: বাসস

যশোর, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এ বোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টায় সারা দেশের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। যশোর বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের সচিব (প্রেষণে) প্রফেসর ড. মো. আব্দুল মতিন।

তিনি জানান, এবার যশোর বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৮৫ জন ও ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৮১ দশমিক ২৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৮ শতাংশ। সবচেয়ে বেশি মানবিক বিভাগে ৮৫ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮২ শতাংশ।

প্রফেসর ড. মো. আব্দুল মতিন বাসস’কে বলেন, খাতা মূল্যায়নে নিরপেক্ষতা ও নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়েছে এবং সংখ্যার চেয়ে গুণগত মান নিশ্চিত করাই বোর্ডের লক্ষ্য ছিল।

খুলনা বিভাগের ১০ জেলার আড়াই হাজারের বেশি প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির শতভাগ শিক্ষার্থী পাস করেছে। বিপরীতে ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি। 

সচিব জানান, একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া এবং প্রয়োজনে স্বীকৃতি বাতিলসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশের ১১টি বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হলেও যশোর বোর্ড জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে।

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামীকাল থেকে টেলিটক মোবাইলের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে জানিয়েছেন বোর্ড সচিব।