বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ২০:১৭

সাতক্ষীরা সীমান্তে মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ

 সাতক্ষীরা, ৯ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের মূল্য আনুমানিক ২৩ লাখ ৯০ হাজার পাঁচশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, তলুইগাছা, মাদরা, কাঁকডাঙ্গা, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঘেরের পাড় নামক স্থান হতে ও তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শালবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার আম বাগান নামক স্থান হতে ও চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। 

এছাড়া, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ৯০ হাজার পাঁচশ’টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।