বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৯:৪২

যশোরে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু 

যশোর, ৯ আগস্ট ২০২৬ (বাসস): জেলা সদরে আজ ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে।  

আজ রোববার জেলা সদরে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর জেলার চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের আবদুর রশিদ (৪৫) এবং তার স্ত্রী সাবিরা খাতুন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাড়ির জন্য মালামাল কিনতে মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে যশোর সদরে গিয়েছিলেন আবদুর রশিদ ও সাবিরা খাতুন দম্পতি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দু’জনই মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়। আবদুর রশিদের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল, কিন্তু পথিমধ্যে তিনিও মারা যান।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।