শিরোনাম

পটুয়াখালী, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়ায় ৫৭ জন গৃহহীন, প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় নির্বাচিত ৫৭ জন অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। উপকারভোগীরাও এ সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।