বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১৭:৫২

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। আজ ভোরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ আজ দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে ওষুধ পাচারের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নিয়ে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধের একটি চালান জব্দ করে বিজিবি। 

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ জানান, জব্দকৃত অবৈধ ওষুধের আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।