শিরোনাম

টাঙ্গাইল, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার বাসাইলে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এ অভিযানে ১৩০টি অবৈধ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এ বিশেষ অভিযানে ১৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ২৬০০ মিটার দীর্ঘ জালের বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। পরে জনসম্মুখে আইনগত প্রক্রিয়ায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহারের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মো. রুহুলসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।