বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১৬:৫৪

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে অবমাননাকর ও অনাকাক্সিক্ষত মন্তব্য এবং নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত শিক্ষার্থী হলেন প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং শেরেবাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী শারাফাত শরিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, অভিযোগের তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সাত্তার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেলের সিস্টেম অ্যানালিস্ট মো. রেজাউল আলম, যিনি কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।