বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১৬:৩৮

ঝিনাইদহে চুরি হওয়া ১০৬টি মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর, গ্রেফতার ১৯

আজ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’-এর অভিযানে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন এবং প্রতারণামূলকভাবে হাতিয়ে নেয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’-এর অভিযানে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন এবং প্রতারণামূলকভাবে হাতিয়ে নেয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান (পিপিএম-সেবা)।

আজ দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থানার দুটি হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার, কোটচাঁদপুর থানার ডাকাতি মামলার ৩ ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার, সদর থানার দস্যুতা মামলার ১০ আসামি গ্রেফতার ও লুণ্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার, কালীগঞ্জ থানার দস্যুতা মামলার এক আসামি গ্রেফতার এবং সদর থানার দুটি অপহরণ মামলার ২ ভিকটিম উদ্ধারসহ মোট ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে ১০৬টি হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে ভুলবশত চলে যাওয়া ৬৭,৪৫৭ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জন ভিকটিমকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে এবং সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নিখোঁজ হওয়া ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ‘সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রযুক্তি নির্ভরতার সাথে কাজ করে যাচ্ছে। সাইবার বুলিং একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধ। নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।