শিরোনাম

চট্টগ্রাম, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): প্রকৃতির খামখেয়ালিপনায় বজ্রপাতে প্রাণহানি এখন নিয়মিত ঘটনা। এই ঝুঁকি থেকে পরিবেশ ও মানুষকে বাঁচাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলার মিরসরাইয়ের তরুণ কৃষি উদ্যোক্তা ও প্রকৃতিপ্রেমী মো. ওমর শরীফ। উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের ৫ কিলোমিটার এলাকাজুড়ে তিনি ২ হাজার ৩০০ তালগাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তর ভূঁইয়ারহাট এলাকায় আনুষ্ঠানিক চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনী আয়োজনে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘কালের বিবর্তনে আমাদের দেশ থেকে তাল ও খেজুর গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। অথচ পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বিশেষ করে বজ্রপাত রোধে তালগাছের ভূমিকা অপরিসীম। ওমর শরীফের এই সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’ তিনি পরিবেশ রক্ষায় এই চারাগুলোর সঠিক পরিচর্যা করতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্যোক্তা ওমর শরীফ বলেন, ‘প্রতিবছরই বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে থাকি। কিন্তু বর্তমানে বজ্রপাতের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া।’
তিনি জানান, ঠাকুরদীঘি থেকে ছত্তর ভূঁইয়ারহাট পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে ধাপে ধাপে এসব তালের চারা রোপণ করা হবে।
জোহরা অ্যাগ্রো ফার্মস অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক ওমর শরীফের এই প্রশংসনীয় উদ্যোগে সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।