বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৭:৫৬

জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি : বাসস

জামালপুর, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

এ সময় জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী এবং পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

পরে জামালপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পুনর্বাসন কেন্দ্র এবং প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের বাসিন্দাদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রচনা লেখা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।