বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৮:৫৫

রাঙামাটিতে দুর্বৃত্তদের ‎কেটে দেওয়া পেঁপে বাগান পরিদর্শন করলেন দীপেন দেওয়ান

ছবি : বাসস

রাঙামাটি, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষণটিলায় দুর্বৃত্তদের কেটে দেওয়া ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।

আজ বুধবার সকালে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান মালিকের সঙ্গে কথা বলেন।

ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন শেষে দীপেন দেওয়ান এমপি বলেন, পেঁপে বাগান কেটে দেওয়ার  ঘটনায় বাগান মালিকের অপূরণীয় ‎ক্ষতি হয়েছে। 

যারা এই কাজটি করেছে তারা দুষ্কৃতকারীদের তালিকায় পড়ে। ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি।

‎‎এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বাগান মালিক ও জমির মালিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙাপানির নোয়াদাম ব্রাক্ষণ টিলা এলাকায় পরিকল্পিতভাবে রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে দেয়।