বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৮:৪৩

নেত্রকোণায় দুই নৌকার চাপায় বালু শ্রমিকের মৃত্যু

নেত্রকোণা, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদে দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক বালু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর (গন্দিরগাঁও) গ্রামের সেকুল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ওই এলাকায় বালু শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বরুয়াকোনা এলাকায় মহাদেও নদে নৌকায় করে শ্রমিকরা নদীতে ডুব দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ করছিলেন। রিফাতও একটি নৌকায় কাজ করছিলেন।

এ সময় পাশ দিয়ে যাওয়া অপর একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই নৌকার মাঝখানে চাপা পড়ে রিফাত গুরুতর আহত হন। এসময় শ্রমিকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাসসকে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।