বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৭:৫৫

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ছবি : বাসস

রাঙামাটি, ৫ আগস্ট, ২০২৬ (বাসস): নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, মোহাম্মদ রুহুল আমিন ও নিশাত শারমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

সভায় দীপেন দেওয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা পাহাড়ি অঞ্চলের সব সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এর আগে সকালে রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

জেলা সদর ছাড়াও রাঙামাটির সব উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।