বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১৮:৫২

নাটোরে বজ্রপাতে নিহত ১ 


 নাটোর, ২ আগস্ট ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ চলনবিল এলাকায় বজ্রপাতে মিলন উদ্দিন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ রোববার বিকেলে সিংড়া উপজেলার চাঁনপুর বিলে এ ঘটনা ঘটে। 

নিহত মিলন উদ্দিন (৩০) নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল তিনটার দিকে মিলন উদ্দিনসহ বেশ কয়েকজন শ্রমিক সিংড়া উপজেলার চাঁনপুর বিলে পাট কাটা ও জাগ দেওয়ার কাজ করছিলেন। এক পর্যায়ে ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হলে তারা সবাই নিরাপদে আশ্রয় নেন। কিন্তু  মিলন তার খাবার পাত্র ও কাপড় আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে গুরুতর অবস্থায় মিলন উদ্দিনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।